দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তার প্রত্যাবর্তন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি ভারত। দিল্লির সম্মতি নিয়েই শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করতে বাংলাদেশের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে ভারত। এ ক্ষেত্রে দুটি শর্তও দিয়েছে দিল্লি। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই বছরের ডিসেম্বরে তাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক বার্তা পাঠায় বাংলাদেশ। এরপর একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখনো সেই অনুরোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি দিল্লি।
ভারতের পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা দেশটির দীর্ঘদিনের মিত্র। তাকে বন্দি হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় না ভারত। এ ছাড়া প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে দিল্লি। সামরিক বিমানে অথবা স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো স্থান দিয়ে তাকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশের সেনাবাহিনীকে দিতে চায় ভারত।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অক্টোবরে দিল্লি সফরে গিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।
তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে বড় বাধা হিসেবে দেখছে দিল্লি। ভারতের কর্মকর্তাদের ধারণা, শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ সরকার।
ভারতের কূটনৈতিক হিসাব অনুযায়ী, শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরতে না পারলেও তার ঘোষণায় দিল্লির লাভ রয়েছে। ভারত তখন বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।
পাশাপাশি তার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায় ভারত। সে বিবেচনায় শেখ হাসিনার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে দিল্লি।
সব মিলিয়ে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। দিল্লির পর্যবেক্ষকদের মতে, সব শর্ত ও জটিলতা নির্ধারিত সময়ের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা কম।
যে আই